
বাঞ্ছারামপুরে রক্তদান সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সামাজিক ও মানবিক সংগঠন ‘মানবতা রক্তদান সংঘ’-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত "সীরাতুন্নবী (সাঃ) কুইজ প্রতিযোগিতা"-র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্যন্ত আড়ম্বরপূর্ণ, সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (১২ অক্টোবর)সকালে
বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সেরা ১০ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল এমরান খাঁন।
তিনি তাঁর বক্তব্যে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "প্রতিটি কুইজ ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই মূল বিষয়, কেবল জয়লাভ বা ফলাফলই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত নয়। শিক্ষার্থীদের এখন থেকেই পড়াশোনায় আরো মনোযোগী হতে হবে, দেশ ও সমাজকে জানতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হতে হবে।"
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ উল্লাহ তাঁর স্বাগত বক্তব্যে বলেন, "শিক্ষার্থীদের ইসলামিক ইতিহাস জানা এবং বই পড়ার প্রতি আগ্রহ ও ভালোবাসা বৃদ্ধি করতেই আমাদের এই বিশেষ আয়োজন। ভবিষ্যতেও তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চা ও মানবিক কাজে উদ্বুদ্ধ করতে আমাদের এই ধারাবাহিক চেষ্টা অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাঞ্ছারামপুর ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিপন, বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো: রুহুল আমিন বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আমান উল্লাহ, বাঞ্ছারামপুর সরকারি এস. এম. পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান, বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মোকবল হোসেন, এবং আস-সুন্নাহ শপিং সেন্টারের পরিচালক মাওলানা সারোয়ার হোসেন আলমগীর। বিশেষ অতিথিবৃন্দ তরুণ প্রজন্মের মাঝে মানবিক মূল্যবোধ ও ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আয়োজকদের এই প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
মনোজ্ঞ এই পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন মো: আশিকুর রহমান।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন বাঞ্ছারামপুর সরকারি এস. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মাহিনুর রশিদ বুশরা। ২য় স্থান অর্জন করেন দশদোনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাকিবুল ইসলাম এবং ৩য় স্থান অর্জন করেন বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মিতু আক্তার।
এছাড়াও ৪র্থ থেকে ১০ম স্থান অর্জন করে যথাক্রমে— লামিয়া জাহান, সামিয়া আক্তার, পৃথিলা জাহান পুতুল, মাহমুদুল হাসান তামিম, মরিয়ম আক্তার, মোঃ নিহাল হোসাইন এবং মীম আক্তার।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
