কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সড়কের পাশে মাকে খুঁজতে থাকা দুই শিশু ইসরাত ও রোজা মনির পরিবারের স্বাবলম্বিতা নিশ্চিত করতে একটি গাভী উপহার দিয়েছে রিটেইল চেইন শপ স্বপ্ন।
বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১১ অক্টোবর দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ বাজার এলাকায় রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কের পাশে পাঁচ বছর বয়সী ইসরাত ও তার দেড় বছর বয়সী বোন রোজা মনিকে কাঁদতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
ইসরাত জানায়, চিপস কিনে দেওয়ার কথা বলে তাদের সেখানে নিয়ে যান মা। পরে তাদের একা রেখে চলে যান তিনি। দীর্ঘ সময় অপেক্ষা করেও মাকে ফিরে না পেয়ে অসহায় হয়ে পড়ে শিশু দুটি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত হয়। খবর পেয়ে শিশু দুটির এক চাচি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাদের নিজের জিম্মায় নেন।
স্বপ্নের পক্ষ থেকে বলা হয়েছে, গাভী পালন ও দুধ বিক্রির মাধ্যমে পরিবারটি নিয়মিত আয়ের সুযোগ পাবে। এতে শিশু দুটির লালন-পালন ও ভবিষ্যৎ গড়তে সহায়তা হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি বলছে, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাও সামাজিক দায়বদ্ধতার অংশ।
The post রাস্তায় ফেলে যাওয়া দুই শিশুর পরিবারের আয়ের জন্য গাভী দিল স্বপ্ন appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
