in চাঁদপুর
চাঁদপুরে তাবলীগ জামাতের আয়োজনে তিন দিনব্যাপী জেলা ইজতেমায় জুমার নামাজ আদায় করেছেন ১০ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লি। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের পুরানবাজার দোকানঘর এলাকার মেঘনা নদীর তীরে আয়োজিত ইজতেমার জুমার নামাজে এই বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।
দ্বীনের দাওয়াত, ঈমানি মেহনত এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ২২ অক্টোবর শুরু হওয়া এ জেলা ইজতেমা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। ইজতেমাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হয়েছেন। তাঁদের অংশগ্রহণে মেঘনা নদীর তীরের ইজতেমা প্রাঙ্গণ পরিণত হয়েছে ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায়।
আয়োজক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমা মাঠে মুসল্লিদের আগমন শুরু হয়। তাঁদের অবস্থানের জন্য নির্মাণ করা হয়েছে প্যান্ডেলসহ প্রয়োজনীয় অবকাঠামো। তিন দিনব্যাপী এ আয়োজনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান, জিকির-আসকার এবং বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
তাবলীগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানান, ২২ অক্টোবর শুরু হওয়া তিন দিনব্যাপী জেলা ইজতেমা শনিবার (২৪ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিয়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মানবজাতির সার্বিক কল্যাণ কামনা করবেন মুসল্লিরা।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২৩ অক্টোবর ২০২৬
