ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক খাদ্য ও কৃষি-খাদ্যশিল্প মেলা ‘সিয়াল প্যারিস ২০২৬’।
শনিবার (১৭ অক্টোবর) প্যারিসের উপকণ্ঠে প্যারিস নর্দ ভিলপাঁত প্রদর্শনী কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিনেই মেলা প্রাঙ্গণে বিপুলসংখ্যক দর্শনার্থী, আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়ী ও খাদ্যশিল্পের পেশাজীবীদের সমাগম ঘটে। এতে বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানিও অংশ নিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের খাদ্যপণ্য, কৃষি-খাদ্যশিল্পের প্রযুক্তি, প্রক্রিয়াজাত খাবার এবং নতুন পণ্যের পরিচিতি তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী ২১ অক্টোবর পর্যন্ত চলবে এ আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের কৃষি, কৃষি-খাদ্য ও খাদ্য সার্বভৌমত্ববিষয়ক মন্ত্রী অ্যানি জেনেভার্ড। অনুষ্ঠানের পর তিনি মেলার বিভিন্ন স্টল ও প্রদর্শনী এলাকা পরিদর্শন করেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় প্রায় ৮ হাজার প্রদর্শক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিনিধিত্ব করছে ১৯০টি দেশ। পাঁচ দিনের এ আয়োজনে প্রায় তিন লাখ পেশাজীবী দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা করা হচ্ছে, যাঁদের প্রায় ৭০ শতাংশ আন্তর্জাতিক পর্যায়ের। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের পাঁচ হাজার বড় ক্রেতার অংশগ্রহণ এবং ১০০ বিলিয়ন ইউরোর বেশি ক্রয়ক্ষমতার প্রতিনিধিত্বের প্রত্যাশা রয়েছে।
মেলায় প্রাণ, ইস্পাহানীসহ বাংলাদেশের একাধিক কোম্পানির অংশগ্রহণ দেশের খাদ্যপণ্য ও কৃষি-খাদ্যশিল্পের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়ানোর সুযোগ তৈরি করেছে। ইউরোপসহ বিভিন্ন দেশের আমদানিকারক, পরিবেশক ও ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে নতুন বাজার অনুসন্ধান এবং রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে এ ধরনের আন্তর্জাতিক আয়োজনে।
এবারের মেলায় ভারত, ইতালি ও দক্ষিণ কোরিয়ার অংশগ্রহণ বিশেষ গুরুত্ব পেয়েছে। ভারত এবারের অংশীদার দেশ হিসেবে প্রায় ১৫০টি প্রতিষ্ঠান নিয়ে অংশ নিচ্ছে। ইতালি সবচেয়ে বেশি প্রদর্শনী এলাকা নিয়ে অংশগ্রহণকারী দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার খাদ্যশিল্পের প্রতিষ্ঠানগুলো তাদের জনপ্রিয় ‘কে-ফুড’ পণ্য ও নতুন উদ্ভাবন তুলে ধরছে।
খাদ্য নিরাপত্তা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, প্রযুক্তিগত উদ্ভাবন, ভোক্তাদের পরিবর্তিত চাহিদা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবারের মেলার আলোচনায় গুরুত্ব পাচ্ছে। বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, কূটনীতিক, শিল্পোদ্যোক্তা ও আন্তর্জাতিক ক্রেতাদের উপস্থিতিতে সিয়াল প্যারিস খাদ্যবাণিজ্যের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা ও ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
বিশ্বের খাদ্যশিল্পের সর্বশেষ উদ্ভাবন, পণ্যের বৈচিত্র্য এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে ধারণা নিতে মেলাটিতে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের ব্যবসায়ী ও পেশাজীবীরা।
