উত্তর ইউরোপের বিভিন্ন দেশে শক্তিশালী ঝড়ের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে দেড় লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়ার পাশাপাশি শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। কোথাও কোথাও মুঠোফোনের নেটওয়ার্ক সেবাও বন্ধ হয়ে গেছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টার ব্যবধানে বোয়েলো ও অস্টেন নামের দুটি শক্তিশালী ঝড় আঘাত হানে ইউরোপের বিভিন্ন দেশে। এতে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের কারণে যুক্তরাজ্যে ৮২ হাজারের বেশি, ফ্রান্সে প্রায় ৬০ হাজার এবং জার্মানিতে অন্তত ১০ হাজার বাড়িঘরের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্কটল্যান্ডের পশ্চিমাঞ্চলের আর্গাইল অ্যান্ড বিউট এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়। ঝড়ে গাছ ও বিদ্যুতের তার উপড়ে পড়ায় বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ বন্ধ হয়ে যায়।
যুক্তরাজ্যের এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ঝড়ের সময় দেশটিতে চার লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। শুক্রবার অস্টেন ঝড়ের প্রবল বাতাসে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলীয় শহর ব্রাইটনের একটি পুরোনো জেটির অংশ ভেঙে পড়ে। ২০০৩ সালে অগ্নিকাণ্ডের পর থেকে জেটিটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এদিকে ইংলিশ চ্যানেলের অপর পারে ফ্রান্সের উত্তরাঞ্চলেও ঝড়ের তীব্রতা ছিল ব্যাপক। দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এনেদিসের তথ্য অনুযায়ী, শনিবার ঝড়ের সর্বোচ্চ তীব্রতার সময় প্রায় ২ লাখ ৮৮ হাজার বাড়িতে বিদ্যুৎ ছিল না। রোববার দুপুর পর্যন্ত প্রায় ৫৯ হাজার বাড়ির বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এর বেশির ভাগই নরম্যান্ডি ও ব্রিটানি অঞ্চলে। বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে ২ হাজার ৬০০ কর্মী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী কাজ করছেন।
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফ্রাইবুর্গ ইম ব্রাইসগাউ শহর ও আশপাশের এলাকায় ঝড়ের কারণে অন্তত ১০ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। পরিস্থিতির কারণে শহরের প্রধান হাসপাতাল কেবল জরুরি রোগীদের চিকিৎসা দিতে বাধ্য হয়। একই সঙ্গে মুঠোফোনের নেটওয়ার্ক সেবাও ব্যাহত হয়।
দেশটির পুলিশ জানায়, শনিবার নাসটাটেন শহরে শরৎকালীন মেলা চলার সময় ঝোড়ো বাতাসে নির্মাণকাজে ব্যবহৃত একটি মাচা উড়ে যায়। এতে দুজন গুরুতর আহত হন। জার্মানির আবহাওয়া সংস্থা ডিডব্লিউডি রোববার উত্তর উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দেয়।
ঝড়ের প্রভাব পড়েছে নেদারল্যান্ডস ও বেলজিয়ামেও। শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গাছ পড়ে চারজন আহত হন।
বাতিল শত শত ফ্লাইট
ঝড়ের কারণে উত্তর ইউরোপজুড়ে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বহু ফ্লাইট বাতিলের পাশাপাশি কিছু উড়োজাহাজকে বিকল্প পথে চলাচল করতে হয়েছে।
নেদারল্যান্ডসের আমস্টারডামের শিফল বিমানবন্দরে রোববার প্রায় ৯০টি ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর বেশির ভাগই প্যারিস, রোম ও ডাবলিনসহ ইউরোপের বিভিন্ন শহরগামী। এ ছাড়া বিমানবন্দরটিতে অবতরণের কথা ছিল, এমন আরও কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইংল্যান্ডের উত্তরাঞ্চল ও স্কটল্যান্ডেও ঝড়ের কারণে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটে। আবহাওয়াবিদেরা সতর্ক করেছেন, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে ভবিষ্যতে চরম আবহাওয়ার ঝুঁকি আরও বাড়তে পারে।
এমএ
