আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা পরিচালনা কমিটির সাথে মতবিনিময় করেছে জেলা জামায়াতের নেতৃবৃন্দ। রবিবার রাত ৮টায় শহরের একটি আধুনিক রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শহরের শারদীয় দূর্গা পূজা মন্ডপের ১৩টি পরিচালনাকারী কমিটির নেতৃবৃন্দ এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহা. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সেক্রেটারী ফরিদুল হক। এসময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সনাতনী সম্প্রদায়ের শারদীয় উৎসবে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলাম এই উৎসবে বিগত বছরের মত সকল ধরনের সহযোগিতা ও শুভেচ্ছা বিনিময়ের জন্যই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা, শ্রী কালিবাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ধর, সাংবাদিক ও হিন্দু ফ্রন্টের নেতা মানিক আচার্য্য প্রমুখ বক্তব্য রাখেন।
হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিগত বছরে শারদীয় উৎসবে মন্ডপ পাহারাসহ হিন্দু সম্প্রদায়কে নীতিগতভাবে সহযোগিতা করায় কৃতজ্ঞতার সাথে জামায়াত ইসলামকে এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সংখ্যালঘু সম্প্রদায় তাদের এই ভূমিকা চিরদিন মনে রাখবে বলে আশ্বস্ত করেন।
