স্বপ্নের দেশ ইউরোপে যাওয়ার আশায় লিবিয়ায় গিয়ে কারাগারে আটক থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন মতব্বির হোসেন(৪৫)। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের মৃত আওর বকত এর পুত্র। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মতব্বির হোসেন ইউরোপের গ্রিসে যাওয়ার আশায় লিবিয়ায় অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি দেশটির কারাগারে আটক হন। সেখানে জটিল অসুস্থতায় আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে লিবিয়ার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মতব্বির হোসেন হালিতলা বারইকান্দি গ্রামের সাংবাদিক আবু তালেবের চাচাতো ভাই ও আপন বোনের স্বামী। তাঁর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে এগিয়ে আসছেন আত্মীয়স্বজন ও এলাকার মানুষ।
এদিকে, তাঁকে বিদেশে নেওয়ার সঙ্গে জড়িত দালালচক্রের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানা গেছে। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
