তারকাদের ছবি তোলার সময় ব্যক্তিগত সীমারেখা বজায় রাখার আহ্বান জানিয়ে পাপারাজ্জিদের আবারও সতর্ক করেছেন বলিউড অভিনেতা সালমান খান। বিশেষ করে নারী তারকাদের আপত্তিকর দৃষ্টিকোণ থেকে ছবি তোলার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আলোকচিত্রীদের আরও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছেন।
আসন্ন ‘আইফা ২০২৭’-এর প্রচার উপলক্ষে মুম্বাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারিনা কাপুর খানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন সালমান। সেখানে ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় পাপারাজ্জিদের উদ্দেশে তিনি বলেন, ‘পেছনের দিকের কথা কিন্তু মনে রেখো! তোমরা সবাই অন্তত এটুকু সম্মান তো নিশ্চয়ই দিতে পারো।’
সালমানের মতে, কোন নারী তারকা এ ধরনের ছবি তুলতে আপত্তি জানান আর কে জানান না, সেই পার্থক্য বোঝা আলোকচিত্রীদের দায়িত্ব। তারকাদের ছবি তোলার ক্ষেত্রেও সম্মতি ও ব্যক্তিগত মর্যাদাকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি।
এর আগেও একই বিষয়ে সরব হয়েছিলেন সালমান। গত সেপ্টেম্বরে ‘বিগ বস ২০’-এর একটি পর্বে নারী তারকাদের পেছন দিক থেকে আপত্তিকর ছবি তোলার প্রবণতার সমালোচনা করেন তিনি। তাঁর বক্তব্য ছিল, অধিকাংশ নারীই এ ধরনের ছবি পছন্দ করেন না। যারা আপত্তি জানান, তাঁদের অনুভূতির প্রতি সম্মান দেখানো প্রয়োজন।
এ ধরনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন অভিনেতা। এবারও পাপারাজ্জিদের সামনে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন বলিউডের এই তারকা।
এদিকে ‘আইফা অ্যাওয়ার্ডস’-এর ২৭তম আসর বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ অ্যারেনায়। আগামী ২২ ও ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে এই আয়োজন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন বরুণ ধাওয়ান ও অনন্যা পান্ডে। তাঁদের সঙ্গে থাকবেন করণ জোহর ও মনীশ পল।
