কালবেলা · বিনোদন
‘আমাকে তো কোনো ছেলে কিছু বলে না’, আক্ষেপ তুষির
১৪/১০/২০২৬

অভিনয়ে কখনো রহস্যময়, কখনো গম্ভীর, আবার কখনো ভিন্নধর্মী চরিত্রে পর্দায় হাজির হন নাজিফা তুষি। পর্দার সেই ব্যক্তিত্ব দেখে অনেকের মনেই তৈরি হয়েছে তাকে ঘিরে নানা ধারণা। তবে বাস্তব জীবনে নিজেকে একেবারেই সহজ ও মজার মানুষ বলে দাবি করেন এই অভিনেত্রী। অথচ তার ভাষ্য, তাকে পছন্দ করার কথা শোনা গেলেও কেউ সরাসরি প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস দেখান না। আজ ১৪ অক্টোবর, এই অভিনেত্রীর জন্মদিনে ব্যক্তিগত জীবন নিয়ে তার এমন খোলামেলা মন্তব্যও এসেছে আলোচনায়।
চলতি বছরের মাঝামাঝি সময়ে গণমাধ্যমের এক আয়োজনের আলাপচারিতায় তুষির কাছে জানতে চাওয়া হয়, তার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয় করা যেমন কঠিন, বাস্তব জীবনেও কি তার সঙ্গে প্রেম করা কঠিন? মানুষ কি তাকে ভয় পায়?
জবাবে অভিনেত্রী জানান, তাকে নিয়ে অনেকেরই ধারণা, তার জীবনে হয়তো অনেক প্রেমিক রয়েছেন। এ কারণেই হয়তো অনেকে নিজেদের মনের কথা প্রকাশ করতে দ্বিধা করেন। অথচ বাস্তবতা ভিন্ন বলে জানিয়েছেন তিনি। তুষির কথায়, ‘সবাই মনে করে যে আমার মনে হয় কত কত বয়ফ্রেন্ড আছে। আমি মনে হয় কত আদর্শ প্রেমিকা! কিন্তু কই! আমাকে তো কোনো ছেলে কিছু বলে না।’
অভিনেত্রীর মতে, তাকে ভালো লাগার কথা অনেকেই জানান। তবে সেই ভালো লাগা প্রেমের প্রস্তাবে গড়ায় না। তিনি বলেন, ‘সবাই খালি বলে, হ্যাঁ মেয়েটা ভালো। পছন্দ হয়।’ অর্থাৎ, পছন্দের কথা স্বীকার করলেও সরাসরি সম্পর্কের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে অনেকেই পিছিয়ে থাকেন।
নিজের স্বভাব সম্পর্কে প্রচলিত ধারণা ভেঙে তুষি আরও বলেন, ‘এমনটা মোটেই না। আমি অনেক ফানি টাইপের মানুষ। যদি আমার সঙ্গে কেউ মিশতে পারে, আমি খুবই সিম্পল এবং সহজ মানুষ।’
‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যে বিশেষ পরিচিতি পান নাজিফা তুষি। এরপর অভিনয়ের বৈচিত্র্য ও ভিন্নধর্মী চরিত্র বেছে নেওয়ার মধ্য দিয়ে নিজের অবস্থান আরও দৃঢ় করার চেষ্টা করছেন তিনি। ‘রেশমা’, ‘সাধুর বউ’, ‘অ্যানি’, ‘আন্ধার’ ও ‘সখী রঙ্গমালা’সহ বিভিন্ন কাজ ঘিরে রয়েছে দর্শকদের আগ্রহ।
জন্মদিনে তুষিকে ঘিরে ভক্তদের প্রত্যাশা নতুন কাজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও। পর্দায় যার উপস্থিতি দর্শকদের কৌতূহলী করে তোলে, বাস্তব জীবনে সেই অভিনেত্রীর সরল স্বীকারোক্তি—তাকে নিয়ে অনেকের ধারণা থাকলেও প্রেমের প্রস্তাবের দেখা মেলে না!
মূল প্রতিবেদনে যান ↗