বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান; যে যেই ধর্মেরই অনুসারী হোক না কেন? নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে। এখানে ‘সংখ্যাগরিষ্ঠ’ বা ‘সংখ্যালঘু’ বলতে কোনো বিভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের নেতাদের সাথে মতবিনিময় ও সরকারি অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার খোকন বলেন, ‘বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র সবার। সবাইকে মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে।’
তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য বছরের চেয়ে এবার আরও বেশি উৎসাহ-উদ্দীপনা এবং সবার অংশগ্রহণের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ এবং উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু হানিফ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন টিপু, আনিস আহমেদ হানিফ, পৌরসভা যুবদলের সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী বাবু, চাটখিল পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক দেবনাথ এবং সাধারণ সম্পাদক রতন চক্রবর্তীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সাম্প্রতিক সময়ে হাসপাতালে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর বিষয়ের খোঁজখবর নেন। এছাড়া তিনি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে চলমান ‘ফ্যামিলি কার্ড’-এর তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
