যশোরের চৌগাছায় হামজ্বরে আক্রান্ত হয়ে ওবাইদুল ইসলাম সবুজ (৪০) নামে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। তিনি পাশাপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) টানা দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান এবং চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটের দিকে যশোরের বেসরকারি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সবুজ চৌগাছা উপজেলার পাশাপোল গ্রামের মৃত আব্দুস সামাদের একমাত্র ছেলে। মৃত্যুকালে তিনি মা, চার বছর বয়সী মেয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী, দুই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন সবুজ। তিনি উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
মৃত্যুর সময় হাসপাতালে থাকা ইউপি সদস্য কিতাব আলী জানান, গত ৯ অক্টোবর জ্বরে আক্রান্ত হন সবুজ। প্রথম দুই দিন প্রাথমিক চিকিৎসা নেন তিনি। জ্বর না কমায় ১১ অক্টোবর যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি হামজ্বরে আক্রান্ত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগে থেকেই অ্যাজমা, হাঁপানি ও শ্বাসকষ্টের সমস্যা ছিল সবুজের। করোনাকালেও তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
ইবনে সিনা হাসপাতালের কাস্টমার কেয়ার কর্মকর্তা নাজিম উদ্দীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম সবুজ হামজ্বরে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। তাঁরা সবুজের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
শনিবার আসরের নামাজের পর পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
