স্টাফ করেসপন্ডেন্ট
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগে আক্রান্তের সংখ্যা। বর্তমানে সারাদেশে প্রায় ৬০ লাখ মানুষ এ রোগে ভুগছেন। আর বয়স্ক নারীদের ক্ষেত্রে প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই অস্টিওপোরোসিসের শিকার।
বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে মঙ্গলবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এসব তথ্য জানানো হয়। সেমিনারে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
ডা. জুবাইদা রহমান বলেন, দিন দিন অস্টিওপোরোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষের মধ্যে এ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। এ জন্য প্রতি বছর এক মাসব্যাপী সচেতনতামূলক বিশেষ কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানান তিনি।
রোগটি প্রতিরোধে দেশের ৬৪ জেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য ‘অস্টিওপোরোসিস সোসাইটি’ গঠনের প্রস্তাব করেন ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে বছরের একটি নির্দিষ্ট মাসকে ‘অস্টিওপোরোসিস সচেতনতা মাস’ হিসেবে পালনের কথাও বলেন তিনি।
সেমিনারে বক্তৃতাকালে তিনি আরও বলেন, কেবল বয়স্কদের দিকে নজর দিলেই চলবে না; শিশু ও তরুণীদের শুরু থেকেই সচেতন করা গেলে ভবিষ্যতে এই রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
