অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একই সঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এসব গুজবে কান দেওয়ার মতো সময় তাঁর নেই জানিয়ে নিজের কাজেই মনোযোগ দেওয়ার কথা বলেছেন এই নির্মাতা।
শনিবার এক প্রতিক্রিয়ায় ফারুকী জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। তাঁর অভিযোগ, দেশের একটি সাইবার অপরাধী গোষ্ঠী এ ঘটনা ঘটিয়ে বিভিন্ন গ্রুপে তা উদ্যাপন করছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফারুকী বলেন, এসব খবরের বিষয়ে কথা বলার কোনো আগ্রহ তাঁর নেই। তাঁর ভাষায়, “ওইসব নিউজের ওপর কথা বলার কোনো টাইম নাই, হ্যাভ নো ইন্টারেস্ট। এসবের কোনো ভিত্তি নেই। এসব অপদার্থদের কথায় কান দেওয়ার মতো সময় আমার নেই।”
আরও পড়ুন
‘কার স্বামী পরীমনির জন্য বিমানে এত শিউলি ফুল পাঠালেন?’: জয়

অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে স্থাবর সম্পত্তি থাকা নিয়ে অনলাইনে চলমান আলোচনাকেও কৌতুকপ্রদ বলে মন্তব্য করেন এই নির্মাতা। তাঁর মতে, এসব তথ্য সহজেই যাচাই করা সম্ভব। ভিত্তিহীন আলোচনা নিয়ে সময় নষ্ট না করে তাঁর নির্মাণকাজ নিয়ে কথা বলার আহ্বান জানান তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও নিজের পেশাগত কাজে ব্যস্ত রয়েছেন ফারুকী। তিনি জানান, সম্প্রতি ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায় শুটিং করে দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। শিগগিরই আরও একটি বিজ্ঞাপনের কাজ শুরু করবেন তিনি।
চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন ফারুকী। বর্তমানে দুটি সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। এর মধ্যে একটি জেন-জি প্রজন্মের প্রেমের গল্প, যার নাম ‘টু হেল, উইথ লাভ’। অন্য সিনেমাটি রাজনৈতিক গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে।
উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালে তাঁদের কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকীর জন্ম হয়। দীর্ঘদিন ধরে কাজের মাধ্যমে দেশের বিনোদন অঙ্গনে পরিচিত এই তারকা দম্পতি।
