সৌদি প্রো লিগে শুক্রবার রাতে আল ফায়সালির বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আল নাসর। ম্যাচটিতে ক্যারিয়ারের ৯৮২তম গোলের উদযাপনে মেতে ওঠেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তবে গোলটি শেষ পর্যন্ত তার নামের পাশে থাকবে নাকি আত্মঘাতী গোল হিসেবে গণ্য হবে, তা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
ম্যাচের ৪৯তম মিনিটে স্বদেশি জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে লাফিয়ে উঠে হেডের চেষ্টা করেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার মাথায় বল স্পষ্টভাবে স্পর্শ করেছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বলটি আল ফায়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর শরীরে লেগে দিক পাল্টে জালে জড়িয়ে যায়। এরপর রোনালদো যথারীতি তার আইকনিক ‘সিউ’ উদযাপনে মেতে ওঠেন।
প্রো লিগ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে গোলটি রোনালদোর নামেই নথিভুক্ত করেছে। তাদের হিসাব অনুযায়ী, ক্যারিয়ারের হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করা থেকে আর মাত্র ১৮টি গোল দূরে রয়েছেন তিনি। তবে ফুটবলের তথ্য-উপাত্ত নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অপ্টা পরবর্তীতে ঘটনাটি পর্যালোচনা করে ভিন্ন দাবি করেছে। তারা এটিকে আত্মঘাতী গোল হিসেবে চিহ্নিত করেছে।
ম্যাচ শেষে রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে গোল উদযাপনের একটি ছবি পোস্ট করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এগিয়ে চলো!’
এটিই প্রথম নয়, ২০২২ সালের কাতার বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও ব্রুনো ফার্নান্দেসের ক্রসে লাফিয়ে উঠে হেড করে গোল পাওয়ার দাবি করেছিলেন রোনালদো। তবে পরবর্তীতে অফিসিয়াল ম্যাচ বলের সেন্সর প্রযুক্তি পর্যবেক্ষণ করে ফিফা নিশ্চিত করে যে, সেখানে তার কোনো স্পর্শ ছিল না। ফলে গোলটি ফার্নান্দেসের নামেই নথিভুক্ত হয়।
প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধের চতুর্থ আব্দুল্লাহ আল-হামদানের গোলে এগিয়ে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে গতি বাড়ে লড়াইয়ে। ৪৯তম মিনিটে রোনালদোর বিতর্কিত গোলে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। ৬৬তম মিনিটে স্বাগতিকদের হয়ে থিও বঙ্গোন্ডা স্কোরলাইন ২-১ করে ম্যাচে প্রাণ ফিরিয়ে আনেন। এরপর ৭৯তম মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল জাল কাঁপিয়ে আল নাসরের জয় নিশ্চিত করেন।
পর্তুগালের কোচ হোর্হে জেসুসের সঙ্গে মনোমালিন্যের জেরে গত মাসে জাতীয় দল ছেড়ে আচমকা বের হয়ে গিয়েছিলেন রোনালদো। ওই ঘটনায় শৃঙ্খলাভঙ্গের দায়ে সম্প্রতি তাকে ৩০ দিনের জন্য বরখাস্ত এবং ২৫৫ ইউরো জরিমানা করা হয়। সেই বিতর্ক পেছনে ফেলে প্রো লিগে মাঠে নেমে আবারও দলের জয়ের অংশীদার হয়েছেন তিনি।
চলতি মৌসুমের লিগে আল নাসরের এটি অষ্টম জয়। শিরোপা ধরে রাখার অভিযানে ১০ ম্যাচ খেলে তাদের অর্জন ২৫ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল কাদসিয়া সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ২।
