নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতী বিলের একডালা ও খাজুরা বিল এলাকায় মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৭০টি নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ২৬ বস্তা শামুক উদ্ধার করে বিলে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিলের স্বাভাবিক পানিপ্রবাহ ও জলজ পরিবেশ সুরক্ষায় স্থায়ী কাঠামো তৈরিতে ব্যবহৃত প্রায় ৪০০ মিটার দীর্ঘ বানা অপসারণ করা হয়।
নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নলডাঙ্গা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হালতী বিলের জীববৈচিত্র্য রক্ষা, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করা এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং মৎস্য আইন লঙ্ঘন প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই বাংলা/এমএস
