বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫ শতাংশ ডলার রাখতে পারবেন ব্যবসায়ীরা

প্রভাত রিপোর্ট: বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রিতে উৎসাহ দিতে নতুন সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিংমলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার ১৫ শতাংশ নিজেদের বিদেশি মুদ্রা (এফসি) হিসাবে রাখতে পারবে। রবিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে পাঠিয়েছে।
সার্কুলার অনুযায়ী, আন্তর্জাতিকভাবে ইস্যুকৃত কার্ড ও অন্যান্য গ্রহণযোগ্য পেমেন্ট মাধ্যমে বিদেশি দর্শনার্থীদের কাছ থেকে প্রাপ্ত অর্থ ব্যাংকগুলো অ্যাকোয়ারিং সেবার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দেবে। এই অর্থের মধ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ প্রতিষ্ঠানের নামে খোলা বৈদেশিক মুদ্রা হিসাবে রাখা যাবে। বাকি অংশ টাকায় রূপান্তর করতে হবে।
ডলারের ব্যবহার এফসি হিসাবে রাখা অর্থ চলতি লেনদেনসংক্রান্ত বৈধ বৈদেশিক মুদ্রার দায় মেটাতে ব্যবহার করা যাবে। এর মধ্যে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পরিশোধও রয়েছে। এ ক্ষেত্রে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা এফইপিডি-১ সার্কুলার নং ৪০-এর নির্দেশনা প্রযোজ্য হবে। তবে প্রযোজ্য কর ও ভ্যাট কর্তন করে সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে ব্যাংকগুলোকে।
সার্কুলারে ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা দিয়ে বলা হয়, সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক কার্ড ও অন্যান্য অনুমোদিত পেমেন্ট মাধ্যমে মূল্য গ্রহণের যথাযথ ব্যবস্থা আছে কি না, তা নিশ্চিত করতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। পাশাপাশি গ্রাহক পরিচিতি (কেওয়াইসি), অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) মানদণ্ড এবং বাংলাদেশ ব্যাংকে প্রতিবেদন দাখিলের নিয়ম যথাযথভাবে মানতে হবে।
বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত গাইডলাইন্স, ২০১৮-এর ত্রয়োদশ অধ্যায়ের ৩ নং অনুচ্ছেদে এতদিন কেবল ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস বা শুল্কমুক্ত দোকানের নামে বৈদেশিক মুদ্রা হিসাব খোলার সুযোগ ছিল। নতুন সার্কুলারে এ সুবিধা আরও বিস্তৃত করা হলো।
More News Of This Category

