ঢালিউডের চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শারদীয় দুর্গাপূজার সময় পরিবারের সঙ্গে মন্দিরে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এক নারীকে তাঁর স্ত্রী বলে দাবি করা হয়। তবে বিষয়টি পরিষ্কার করে বাপ্পি জানিয়েছেন, ওই নারী তাঁর স্ত্রী নন, বড় ভাইয়ের স্ত্রী। তাঁকে ‘বৌমণি’ বলে পরিচয় করিয়ে দিয়ে বাপ্পি বলেন, “সে আমার বৌমণি, বৌ না।”
গত বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীর দিন পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে যান বাপ্পি। সেখানে দেবী দুর্গার বিদায় উপলক্ষে নাচ-গানের মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওর কিছু অংশ প্রকাশ করে কয়েকটি পেজে দাবি করা হয়, স্ত্রীকে নিয়ে দুর্গাপূজার উৎসবে অংশ নিয়েছেন এই অভিনেতা। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা।
তবে এ বিষয়ে বাপ্পি চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘ভাইরাল ভিডিওটা আমি দেখেছি। কী আর বলবো! আমার বৌমণিকে বৌ বানিয়ে দেয়া হয়েছে। সে আমার বৌমণি, বৌ না।’
বাপ্পি বলেন, ‘পরিবারের সবার সঙ্গে মন্দিরে গিয়েছিলাম। বাবা, বড় ভাই, বড় ভাইয়ের বৌ, পরিবারের ছোট সদস্যরা সবাই ছিল। কিন্তু সেখানে আমার কোনো বৌ ছিল না। বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো। নিজের বৌকে লুকিয়ে রাখবো না।’
বাপ্পি চৌধুরীর বিয়ে নিয়ে এর আগেও একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। কখনো সহ-অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক, আবার কখনো গোপনে বিয়ে করার খবর সামনে এসেছে। তবে এসব গুঞ্জনের বিষয়ে বিভিন্ন সময়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।
গত জুলাইয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গিয়ে বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেন বাপ্পি। তখন তিনি জানান, সবকিছু অনুকূলে থাকলে চলতি বছরই বিয়ে করতে পারেন। তবে গোপনে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই তাঁর।
