ফরিদপুরের নগরকান্দায় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। উপজেলার ৬৩টি পূজামণ্ডপে পূজা উদ্যাপন ও বিসর্জন ঘিরে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
পূজা চলাকালে মণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ, গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি পূজামণ্ডপগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ ও পূজারীদের খোঁজখবর নিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও সক্রিয় ছিলেন।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের দিকনির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপের খোঁজখবর রেখেছেন। দিনরাত পূজারীদের পাশে থেকে সহযোগিতা করা হয়েছে। তাঁর দাবি, হিন্দু সম্প্রদায়ের মানুষ এবার স্বাধীনভাবে ও আনন্দের সঙ্গে শারদীয় দুর্গোৎসব পালন করেছেন এবং কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, দুর্গাপূজা উপলক্ষে পুলিশ, সাদা পোশাকে ডিবি সদস্য ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকেও মাঠপর্যায়ে নিয়মিত নজরদারি ছিল। তাঁর ভাষ্য, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন ও প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, এ বছর নগরকান্দায় ৬৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উৎসব চলাকালে প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বলে জানান তিনি। তাঁর মতে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিমা বিসর্জনের কার্যক্রম শেষ হয়েছে।
দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা উৎসবের পরিবেশ বজায় রাখতে সহায়ক হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এই বাংলা/এমএস
