‘অপকর্ম’ দমনের বদলে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর
‘জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের’ পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নিজের ফেইসবুক পেইজে এমন অভিযোগ করেন তিনি।
জার্নাল ডেস্ক‘জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের’ পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নিজের ফেইসবুক পেইজে এমন অভিযোগ করেন তিনি।
রাজধানীর ক্ষিলক্ষেতে পুলিশ হাউজিং-১ এলাকায় পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও ৮৪ জনকে গ্রেপ্তারের তথ্য দেয়।
এ প্রসঙ্গে তুলে ধরে ফেইসবুকে পোস্টে শফিকুর রহমান লেখেন, পুলিশে কর্মরত একজন ডিআইজির মালিকানাধীন একটি বাড়ি থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ৮৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে বাসা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য (মাদক) উদ্ধার করা হয়েছে। এখান থেকেই বোঝা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজির মহোৎসব, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।
তিনি বলেন, স্বয়ং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বাসায় এ ধরনের অপকর্ম সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস ওঠার কথা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, গ্যাস-বিদ্যুতের সমস্যাও তো রয়েছেই।
এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত।
‘হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ!’
তিনি পোস্টের শেষে তরুণদেরকে আরেকবার জেগে ওঠার আহ্বান জানান।
বাংলাদেশ জার্নাল/সিএম