সাতক্ষীরার শ্যামনগরে লাক্ষা পোকার আঠালো নির্যাস সংগ্রহ করতে গিয়ে রেইনট্রি গাছ থেকে পড়ে শাহিনুজ্জামান (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার কাশিমাড়ী-শ্যামনগর সড়কের গাজীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইসরাফিল গাজীর ছেলে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ পেয়াদার ছেলে ও লাক্ষার আঠার ব্যবসায়ী মেহেদী লাক্ষা নির্যাস সংগ্রহের জন্য শাহিনুরকে সড়কের পাশের একটি রেইনট্রি গাছে উঠতে বলেন (গাছটিতে লাক্ষা পোকার আক্রমণ হয়েছিল। স্থানীয়ভাবে এ পোকা ‘ভাইরাস পোকা’ নামেও পরিচিত) এ সময় শাহিনুরের কোমরে একটি লম্বা রশি বাঁধা ছিল, যার অপর প্রান্ত সড়কের ওপর ঝুলছিল। একপর্যায়ে চলন্ত একটি ভ্যানের সঙ্গে রশির ঝুলন্ত অংশ জড়িয়ে যায়। এতে টান লেগে শাহিনুর গাছ থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার পথে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুজ্জামান জানান, শাহিনুরকে হাসপাতালে আনার সময় তার অবস্থা গুরুতর ছিল। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে শ্যামনগর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার পরিদর্শক (তদন্ত) মো. পিয়ার উদ্দিন জানান, কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
