রাজধানী ঢাকার একটি মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারের টানাপোড়েন ও বাস্তব জীবনের নানা সংকট নিয়ে নির্মিত হয়েছে নতুন মিনি সিরিজ ‘মায়ার সংসার’। নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন মো. ওমর ফারুক। নাট্য নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সিনেমাওয়ালা’র ব্যানারে নির্মিত হয়েছে সিরিজটি। আগামী ২৬ অক্টোবর থেকে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে এর প্রচার শুরু হবে। দর্শকরা প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার দুপুর ১২টায় নাটকটির নতুন পর্ব উপভোগ করতে পারবেন।
ধারাবাহিকটির মূল গল্প আবর্তিত হয়েছে একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের পরিবারকে ঘিরে। পরিবারটিতে বাবা-মা, তিন সন্তানসহ অন্যান্য সদস্যরা রয়েছেন। দুই ছেলে একই সংসারে বাস করলেও তারা বাবা-মায়ের কোনো ভরণপোষণ বা পারিবারিক খরচ বহন করে না। অন্যদিকে পরিবারের একমাত্র মেয়ের বিয়ের বয়স পার হতে চললেও সে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এবং বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে একাই জীবনসংগ্রামে নামে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা মিঠু, সামিরা খান মাহি, জোনায়েদ বোগদাদী, সৈয়দ মুসাফির বাচ্চু ও এরফান মৃধা শিবলুসহ আরও অনেকে।
কাজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে পরিচালক মো. ওমর ফারুক বলেন, মধ্যবিত্ত পরিবারের বাস্তব চিত্র, সদস্যদের মধ্যকার ভুল-বোঝাবুঝি, লড়াই এবং নৈতিকতার দ্বন্দ্বে তৈরি এই গল্প দর্শকদের স্পর্শ করবে। নাটকের কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করা সামিরা খান মাহি জানান, পুরো গল্পটি গড়ে উঠেছে আত্মমর্যাদাসম্পন্ন এক মেয়ের লড়াইকে কেন্দ্র করে। প্রতিকূল পরিস্থিতিতে কারও অনুকম্পা বা করুণার ওপর নির্ভর না করে মেয়েটি কীভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে, নাটকে তা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। সহশিল্পীদের দারুণ অভিনয়ের কারণে কাজটি দর্শকদের ভালো লাগবে বলে তাঁর বিশ্বাস।
পারিবারিক ঘরানার গল্পে নিয়মিত কাজ করছেন অভিনেত্রী মাহি। সম্প্রতি তাঁর অভিনীত একই ধাঁচের আরেকটি জনপ্রিয় মিনি সিরিজ ‘কর্মফল’-এর প্রচার শেষ হয়েছে। পারিবারিক গল্পের নাটকের প্রতি দর্শকের আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, এসব নাটকের সঙ্গে সাধারণ দর্শকরা নিজেদের জীবনের মিল খুঁজে পেয়ে সহজেই সম্পৃক্ত হতে পারেন। পারিবারিক নাটকে কোনো একক চরিত্রকে প্রাধান্য না দিয়ে প্রতিটি চরিত্রকেই সমান গুরুত্ব দেওয়া হয়। এর ফলে জ্যেষ্ঠ ও গুণী শিল্পীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের পাশাপাশি নতুন অনেক কিছু শেখার সুযোগ থাকে, যা একজন অভিনয়শিল্পী হিসেবে তাঁকে ভীষণ তৃপ্তি দেয়।
