গোপালগঞ্জে গাড়ির চাপায় নারী নিহত
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম
ছবি: খবরের কাগজ
-->গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর চাপতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে মহাসড়কের ওপর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। রাস্তা পারাপারে সময় কোন গাড়ির চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বাদল সাহা/খাদিজা রুমি/
আরও পড়ুন
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ পিএম
ছবি: সংগৃহীত
-->ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবাসহ মো. তামিম রানা (৩৫) নামে এক বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে তাকে আটক করা হয়।
আটক তামিম বিজিবির ৪৫ ব্যাটালিয়নের রাঙামাটির বরকল সীমান্ত ফাঁড়িতে সিপাহি হিসেবে কর্মরত আছেন। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের নিকুরকান্দা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন
পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়ার দেবগ্রাম নয়াবাজার এলাকায় অভিযান চালায় আখাউড়া থানা পুলিশের একটি দল। এ সময় বিজিবি সদস্য তামিমের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, আটক বিজিবি সদস্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।
আজিজুল সঞ্চয়/তামান্না রুপা/
আরও পড়ুন
শৈলকুপায় চাঁদাবাজ-সন্ত্রাসীদের ঠাঁই হবে না: আইনমন্ত্রী
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম
আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৮ পিএম
ছবি: খবরের কাগজ
-->ঝিনাইদহের শৈলকুপায় কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর ঠাঁই হবে না বলে মন্তব্য করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার স্থানীয় দোকান মালিক সমিতি এবং বিভিন্ন পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন আইনমন্ত্রী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি, মাদক ব্যবসা বা সন্ত্রাসীদের স্থান হবে না। ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষকে ভয়ভীতি বা জোর খাটিয়ে চাঁদা দাবি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন
এলাকার অবকাঠামোগত উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘শৈলকুপা বাজারের আধুনিকায়ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।’
এ ছাড়া, পরিবহনশ্রমিকদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘ভ্যান, রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রা চালকরা আমাদের সমাজের চালিকাশক্তি। সড়ক ও রুটে শ্রমিকরা যেন কোনো ধরনের হয়রানি বা চাঁদাবাজির শিকার না হন, তা নিশ্চিত করা হবে।’
উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সভাটি আয়োজন করে হয়। শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির সভাপতি আবু তালেব মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি ও রোজ গ্রুপের চেয়ারম্যান প্রবীর সাহা বিদ্যুৎ, স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
আলমগীর অরণ্য/খাদিজা রুমি/
আরও পড়ুন
টেকনাফে পাহাড়ে অভিযানে একনলা বন্দুকসহ আটক ১
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৯ এএম
ছবি: খবরের কাগজ
-->কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ মো. করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, আটক করিম ডাকাত দলের সঙ্গে জড়িত। করিম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের খারাংখালী মহেশখালীয়া পাড়ার বাসিন্দা।
আরও পড়ুন
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী কম্বনিয়া পাহাড়ি এলাকায় স্থানীয়রা ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে বলে খবর পায় তারা। পরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মো. করিমকে হেফাজতে নেয়।
পরে জিজ্ঞাসাবাদে করিমের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি এলাকার জঙ্গলে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাফিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।’
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পাহাড়ি এলাকায় অপরাধীদের তৎপরতা ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
শাহীন/তামান্না রুপা/
আরও পড়ুন
কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়ি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ এএম
আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম
ছবি: খবরের কাগজ
-->কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউলসম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে ‘বোমাসদৃশ’ বস্তু ও দুই লিটার পেট্রল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯অক্টোবর) সকালে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল এসব বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে আখড়াবাড়ির ভেতরে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানার পরপরই সতর্ক অবস্থান নেয় পুলিশ। নিরাপত্তার স্বার্থে রাতেই আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
পরে খবর দেওয়া হলে আজ সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছায়। দলটি সন্দেহজনক ব্যাগটি তল্লাশি করে একটি টাইম বোমার মতো দেখতে বস্তু ও দুই লিটার পেট্রল উদ্ধার করে। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
এদিকে, এ ঘটনার পর রবিবার রাত থেকেই লালন আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধু, ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা জোরদার রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কে বা কারা, কী উদ্দেশ্যে এসব বস্তু আখড়াবাড়ি প্রাঙ্গণে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
কুমারখালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বোমা উদ্ধারের ঘটনা সত্য। এ বিষয়ে পুলিশ বিস্তারিত বলতে পারবে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘একটি টাইম বোমার মতো বস্তু ও দুটি বোতলে পেট্রল উদ্ধার করা হয়েছে। বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে মাজার এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
মিলন উল্লাহ/অন্তরা/
আরও পড়ুন
