বাগেরহাটের শরণখোলায় ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে গিয়ে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মিজান হাওলাদার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার উত্তর সাউথখালী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর সাউথখালী গ্রামের কৃষক সালেক মোল্লা ও বাবুল মোল্লা তাঁদের জমিতে ইঁদুর নিধনের জন্য লোহার তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে জমির আইলে ফাঁদ পেতে রেখেছিলেন। দুপুরে মিজান হাওলাদার নিজের ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে অসাবধানতাবশত ওই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালেক মোল্লা ও বাবুল মোল্লার জমির মাঝখানে মিজান হাওলাদারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পল্লী বিদ্যুৎ সমিতির শরণখোলা সাব-জোনাল অফিসের এজিএম মো. জাহিদ রেজা বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যুর বিষয়টি তাঁর জানা নেই। তবে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হয়ে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা কৃষি বিভাগের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোস্তফা মশিউল আলম বলেন, ইঁদুর নিধনে জমিতে বিদ্যুৎ ব্যবহার না করে বিষটোপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এ বিষয়ে সচেতনতা বাড়াতে গ্রামে গ্রামে কৃষক সমাবেশও করা হয়। তবে অনেক কৃষক সেই পরামর্শ মানছেন না। এ বিষয়ে কৃষকদের আরও সচেতন করা হবে।
The post শরণখোলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কৃষকের মৃত্যু appeared first on ভোরের চেতনা.
