টাঙ্গাইলের সখীপুরে স্কুল প্রাঙ্গণে ইয়াবা সেবনের সময় এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। একই দিন পৃথক অভিযানে ১৭ পিস ইয়াবাসহ আরও একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার যাদবপুর ও গজারিয়া ইউনিয়নে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের নাকশালা জমির উদ্দিন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ইয়াবা সেবনরত অবস্থায় শাকিল মিয়া (২৪) নামের এক যুবককে আটক করা হয়। তিনি যাদবপুর উত্তরপাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে। পরে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।
অপরদিকে, একই রাতে গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা গ্রামে অভিযান চালিয়ে আব্বাছ আলী (৪২) নামের এক ব্যক্তিকে ১৭ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি ওই গ্রামের আবুল হোসেন ও হাওয়া খাতুনের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সখীপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুর রহমান রানা। এ সময় উপপরিদর্শক তপু খানসহ অধিদপ্তরের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
