কালবেলা · general
ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: রিজভী
১৫/১০/২০২৬

পতিত ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত ১৭ বছরে শিক্ষার মান উন্নয়নের পরিবর্তে নম্বর বাড়িয়ে পাসের হার বৃদ্ধি করা হয়েছে। এতে মেধার প্রকৃত মূল্যায়ন বাধাগ্রস্ত হয়েছে এবং দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার দোহার উপজেলার জয়পাড়া কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৫ আগস্টের পর মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে আবার প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়েছে। সরকার মেধার যথাযথ মূল্যায়নের চেষ্টা করছে। জোর করে পাসের হার বাড়ানোর মতো কোনো মিথ্যা আশ্রয় সরকার নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষার্থীদের আগামী দুই বছর কঠোর পরিশ্রম করে পড়াশোনা করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। মেধা, পরিশ্রম ও প্রতিযোগিতার মধ্য দিয়েই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি জানান, জয়পাড়া কলেজের শিক্ষার্থীদের কোনো সমস্যা হলে যেন তাকে নির্দ্বিধায় জানানো হয়। শিক্ষার্থীদের পড়াশোনার স্বার্থে তিনি সব সময় পাশে থাকার আশ্বাস দেন।
মূল প্রতিবেদনে যান ↗