রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার কিশোর আজান আলী শরীফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন তার পক্ষে অ্যাডভোকেট আলমগীর হোসেন জামিন চেয়ে শুনানি করেন। শিশু হিসেবে এবং বাদীপক্ষের সঙ্গে আপস হয়েছে জানিয়ে জামিন আবেদন করেন তারা। বাদীও আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন জামিনের বিরোধিতা করেন। পরে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছেন।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর একই আদালতে তার জামিন শুনানির জন্য ছিল। ওইদিন তার পক্ষে অ্যাডভোকেট গোলাম মোস্তফা খানসহ একাধিক আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। পরে আদালত অধিকতর শুনানির জন্য ৪ অক্টোবর দিন রাখেন। ওইদিনও তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর একই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
জামিন আবেদনে বলা হয়, এই কিশোর গাড়িতে ড্রাইভারের পাশের আসনে বসা ছিল। নিহত মেহেদী একজন শ্রবণ ও বাক-প্রতিবন্ধী ছিলেন। দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়।
আবেদনে বলা হয়, স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার মাধ্যমে কিশোরের পরিবারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পক্ষকে নয় লাখ টাকা নগদে ক্ষতিপূরণ হিসাবে প্রদান করা হয়েছে।
ওইদিন কিশোর আজান আলীকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. আরিফীন ইসলাম আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলাটি তদন্ত কালে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায় ঘটনার পরপরই প্রাইভেট কারের ডান পাশের ড্রাইভিং সিট থেকে কিশোর আজান আলী শরীফকে দরজা খুলে বের হতে দেখা যায়। তদন্তকালে ঘটনার সঙ্গে আজান আলী শরীফের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যহত আছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আটক রাখার আবেদন করা হয়। এরপর থেকে সে আটক আছে।
এদিকে মেহেদীর মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থানায় সড়ক পরিবহন পরিবহন আইনে মামলা দায়ের করেন। মামলায় গাড়িটির চালক হিসেবে আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
অভিযোগ করা হয়, আসামি আকাশ বেপরোয়াভাবে প্রাইভেট চালিয়ে তার ভাইকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করে, পরে তার মৃত্যু হয়।
এনআর/এমএসএ
