ঢাকা,১৮ অক্টোবর-মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে আজ রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ঘণ্টার জন্য যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের সহসভাপতিরা।
সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তাবিথ আউয়াল। তিনি জানান, অল্প সময়ের এই বৈঠকে বাংলাদেশের ফুটবলের অবকাঠামো উন্নয়ন, ফিফা ফরোয়ার্ড ফান্ডের সঠিক ব্যবহার এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।
বৈঠকে মূলত দীর্ঘদিন ধরে আটকে থাকা ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের অর্থ ছাড় এবং সেই অর্থ কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে আলোচনা হয়। বাফুফে সভাপতি জানান, সরকার ইতোমধ্যে ফেডারেশনকে ১৫ একর জমি দিয়েছে। পাশাপাশি দুটি স্টেডিয়াম পরিচালনার দায়িত্বও বাফুফেকে দেওয়া হয়েছে।
তিনি জানান, এসব স্টেডিয়াম সংস্কার, আধুনিক ফ্লাডলাইট স্থাপন, টেকনিক্যাল সেন্টার নির্মাণ এবং সিলেটে একটি অত্যাধুনিক হাইব্রিড পিচ তৈরির কাজে ফিফার বরাদ্দ করা অর্থ ব্যয় করা হবে। চলতি বছরের মধ্যেই এই তহবিলের আওতায় পুরোদমে কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফিফা সভাপতির সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, ‘আমাদের টেকনিক্যাল সেন্টার, সিলেটের হাইব্রিড পিচ কিংবা স্টেডিয়াম সংস্কারের কাজ দৃশ্যমান হলেই সেগুলোর আনুষ্ঠানিক উদ্বোধনে বাংলাদেশে আসবেন ফিফা সভাপতি। তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিতে প্রস্তুত, তবে পুরো বিষয়টি নির্ভর করছে আমাদের কাজের অগ্রগতির ওপর।’
বাফুফে সভাপতি আরও জানান, বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সরকারের নেওয়া দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা শুনে ফিফা সভাপতি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছে স্টেডিয়ামগুলোতে পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের ব্যবহার এবং চতুর্থ শ্রেণি থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফুটবলসহ অন্যান্য খেলাধুলা বাধ্যতামূলক করা।
যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া ও সৌদি আরবের মতো দেশে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির কথা বিবেচনা করে আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে।
এ ছাড়া সম্প্রতি আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণের অভিজ্ঞতা এবং ভবিষ্যতে ইউরোপের দেশগুলোর সঙ্গে, যেমন সান মারিনোর বিপক্ষে, প্রীতি ম্যাচ খেলার আগ্রহের বিষয়টিও ফিফা সভাপতিকে জানানো হয়েছে।
বৈঠকের বিষয়ে তাবিথ আউয়াল বলেন, ‘বাংলাদেশ সরকার ও বাফুফের সদিচ্ছা ও আন্তরিকতা ফিফা সভাপতির নজর কেড়েছে। যাওয়ার আগে তিনি বাংলাদেশের ফুটবল অনুরাগী ও বাফুফের উদ্দেশ্যে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়ে গেছেন। আশা করছি, আগামী দিনগুলোতে ফিফা থেকে আরও বড় ধরনের সহযোগিতা ও সমর্থন পাবে বাংলাদেশ।’
এস এম/ ১৮ অক্টোবর ২০২৬
