এনএইচটি স্পোর্টসের জন্য সমীকরণটা বেশ কঠিনই ছিল। কারন টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে একরকম ছিটকে পড়ার দশা।
সেমিফাইনালে যেতে হলে আগের দিন হারতে হতো বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব কে। কিন্তু সেটা হয়নি। তারপরও একটা ক্ষীন সম্ভাবনা জিইয়ে ছিল। তা হচ্ছে আজকের দিনের প্রথম ম্যাচে হারতে হতো ব্রাদার্স ইউনিয়নকে।
তারপর নিজেদেরকেতো জিততেই হতো সেসাথে হিসেব করতে হতো রান রেট। তবে দিনশেষে সব হিসেব চুকিয়ে দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে এনএইচটি স্পোর্টস।
আজ রোববার চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের দিনের দ্বিতীয় ম্যাচে বেঙ্গল স্টার ক্রিকেট ক্লাবকে হারিয়ে গ্রুপ রানারআপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে এনএইচটি স্পোর্টস। সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে নাজিম উদ্দিন সাব্বিরের সেঞ্চুরির পর অধিনায়ক সায়মনের দুর্দান্ত বোলিং এনএইচটি স্পোর্টসকে শুধু ৩৭ রানের জয়ই এনে দেয়নি পৌঁছে দিয়েছে সেমিফাইনালে। অঘোষিত কোয়ার্টার ফাইনাল ম্যাচটাতে দুর্দান্ত ক্রিকেট খেলেছে এনএইচটি স্পোর্টস।
টসে জিতে ব্যাট করতে নামা এনএইচটি স্পোর্টস শুরুতেই ধাক্কা খেয়েছিল ২১ রানে দুই উইকেট হারিয়ে। কিন্তু একপ্রান্ত আগলে রেখে লড়ে যাচ্ছিলেন সাব্বির। কিন্তু অপরপ্রান্তে তখনো চলছিল আসা যাওয়ার মিছিল। একে একে ফিরেন সৌরভ এবং বাবু।
তবে পঞ্চম উইকেটে দারুন জুটি গড়েন সাব্বির এবং শোয়াইব। ১০৮ রানের দারুন জুটিতে দলের রানকে ১৮০তে নিয়ে যান এদুজন। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করেন সাব্বির। ৬৬ বলে ১২টি চার এবং ৫টি ছক্কায় ১০৯ রান করে অপরাজিত থাকেন ওপেন করতে নামা সাব্বির। তাকে যোগ্য সহায়তা দেওয়া শোয়াইব ইনিংসের একবল বাকি থাকতে ফিরেন ৩২ বলে ৪৫ রান করে। মেরেছেন ৩টি করে চার এবং ছক্কার মার।
১৮১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই সৌরভকে ফেরান মাজহারুল।
এরপর এনএইচটি স্পোর্টসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে দাড়াতে পারেনি বেঙ্গল স্টার ক্রিকেট ক্লাবের ব্যাটাররা। মাঝখানে মিনহাজ এবং সাজ্জাদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলে তা সফল হতে পারেনি এনএইচটি স্পোর্টস এর অধিনায়কের দুর্দান্ত দুই ডেলিভারিতে। দিজনই ফিরেন বোল্ড হয়ে।
মিনহাজ করেন ৩৩ আর সাজ্জাদ করেন ৩২ রান। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতে ১৪৩ রানে অলআউট হয় বেঙ্গল স্টার ক্রিকেট ক্লাব। এনএইচটি স্পোর্টসের পক্ষে ৩৩ রানে ৪টি উইকেট নেন অধিনায়ক সায়মন। ২টি করে উইকেট নিয়েছেন মাজহারুল, সজিব এবং মুরাদ। ম্যাচের সেরা হয়েছেন সেঞ্চুরিয়ান নাজিম উদ্দিন সাব্বির। তার হাতে পুরষ্কার তুলে দেন সাবেক জাতীয় ক্রিকেটার শহীদুর রহমান।
এর আগে দিনের প্রথম ম্যাচে রায়ান স্পোর্টসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। প্রথমে ব্যাট করতে নামা ব্রাদার্স ইউনিয়ন ১২১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আজমল হুদা ২৫, শোভন তৌসিফ ২৬, বাপ্পা ১৬, হৃদয় ১৩ এবং মহিউদ্দিন করেন ১২ রান। রায়ান স্পোর্টসের পক্ষে ২৪ রানে ৫ ইউকেট নেন জায়েদ উল্লাহ। যা টুর্নামেন্টে প্রথমবার ৫ উইকেট নিলেন কোন বোলার।
জবাবে ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পৌঁছে যায় রায়ান স্পোর্টস। দলের পক্ষে ৪০ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন তালহা জুবায়ের। ম্যাচ সেরা হয়েছেন রায়ান স্পোর্টসের জায়েদ উল্লাহ।
The post চট্টগ্রাম ফ্রঞ্জাইজি ক্রিকেট টুর্নামেন্ট এনএইচটি স্পোর্টস সেমিফাইনালে appeared first on চট্টগ্রাম নিউজ.
