নেত্রকোনার রৌহা ইউপির নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান হানিফ। গত শনিবার সন্ধ্যায় সাবেক জেলা বিএনপির সদস্য খলিলুর রহমান তার ভাতিজা হানিফের পক্ষে নির্বাচনি সভায় বক্তব্য দিতে গিয়ে আ.লীগ, জাপা ও এনসিপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- ‘বিএনপি ও পুলিশ যদি আপনাদের কষ্ট দেয়, আমি এর দাঁতভাঙা জবাব দেব। আপনাদের কোনো ভয় থাকবে না। প্রকাশ্যে নির্বাচন করবেন। এমপি যেহেতু মুখ বন্ধ রাখছেন, তা হলে ভয়ের কোনো কারণ নেই।’ তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলের একজন দায়িত্বশীল নেতার মুখে এমন মন্তব্যে তৃণমূলের নেতাকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এবিষয়ে খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে বিএনপি নেতা ও সমর্থকদের দাবি এটি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু জানান, এটা ওনার ব্যক্তিগত মতামত, দলীয় বক্তব্য নয়। তবে এ ধরনের বক্তব্য কাম্য নয়।