জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে তাকে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর এ রায় ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী দেলোয়ার জাহান রুমি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিয়ামের নামে থাকা জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের করা মামলায় সিয়ামের বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচনায় আসা পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলী জীবনের ছেলে হিসেবে সিয়ামও আগে সংবাদমাধ্যমের আলোচনায় আসেন। এবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালতের রায়ে তার কারাদণ্ড হলো।
