
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে আগামী ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। এ উপলক্ষে জোটের সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর আম্বরখানা পয়েন্টে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ। সভা সঞ্চালনা করেন বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার সদস্য বুশরা সোহাইল।
পথসভায় বক্তব্য দেন বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস এবং সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট মহীতোষ দেব মলয়সহ অন্যান্য নেতৃবৃন্দ। পথসভা শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে নির্বাচিত বিএনপি সরকার সেই চুক্তি বাস্তবায়ন করছে বলে তাঁরা দাবি করেন।
বক্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল, নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিল এবং দেশের স্বার্থ ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখার দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে আগামী ৩০ অক্টোবর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের নেতারা। বিজ্ঞপ্তি
