খাগড়াছড়ি সদর ও পানছড়ি উপজেলায় একগুচ্ছ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা সদরের কুকিছড়া ত্রিরত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অব. অনুপ কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মতবিনিময় সভায় ওয়াদুদ ভূইয়া বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে। রেইনবো ন্যাশনের যে স্বপ্ন তিনি দেখিয়েছেন তা বাস্তবায়নে সরকার ও তৃণমূল পর্যায়ে সকলে কাজ করে যাচ্ছেন। এ ধারা অব্যাহত রাখতে পাহাড়ের সকল অংশীজনের সহযোগীতা প্রয়োজন।
পরে, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে যোগ দেন তিনি। এ ছাড়া উপভোগীদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এ ছাড়া পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস, আদর্শ মুসলিমপাড়া মসজিদ, মধ্যম মোল্লাপাড়া মসজিদ ও মাদ্রাসা ভবন উদ্বোধনের পাশাপাশি উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
সন্ধ্যায় স্থানীয় বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
