আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুস্থ জাতি গঠন ও তরুণ প্রজন্মকে নানা আসক্তি থেকে রক্ষা করার একমাত্র পথ- খেলাধুলা।
Published : 23 Oct 2026, 07:23 PM
Updated : 23 Oct 2026, 07:23 PM
জাতীয় সামার অ্যাথলেটিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসে একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণদের বর্তমান সময়ের ভয়াবহ মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে বেরিয়ে মাঠমুখী হওয়ার আহ্বানও জানালেন তিনি।
জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের ক্রীড়াঙ্গনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে সবচেয়ে বর্তমান সরকারের প্রচেষ্টা এবং ক্রীড়ামোদী প্রধানমন্ত্রী তারেক রহমানের শক্তি ও উৎসাহ জোগানোর কথা তুলে ধরেন। প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণও করেন তিনি।
“তিনি (আরাফাত রহমান কোকো) শুধু একজন ভালো সংগঠকই ছিলেন না, বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে তার অনন্য অবদান রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার ক্রীড়ানুরাগী। অ্যাথলেটিক্স হচ্ছে ক্রীড়ার জননী। একটি সুস্থ জাতি গঠন এবং তরুণ প্রজন্মকে বর্তমান সময়ের ভয়াবহ মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা করার একটাই পথ-মাঠে খেলাধুলা করা।”
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির সরকারি উদ্যোগের কথা তুলে ধরে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবৈধ দখলমুক্ত করে মাঠ সংরক্ষণ এবং নতুন মাঠ চিহ্নিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তিনি তুলে ধরেন আক্ষেপের সুরে।
“আর কত দিন আমরা আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের দিকে তাকিয়ে থাকব? আমাদের নিজেদের খেলোয়াড় তৈরি করতে হবে এবং নিজেদের দেশকে আন্তর্জাতিক অঙ্গনে সফল করে তুলতে হবে।”
নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে স্কুল পর্যায়ে ‘ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন’ দ্রুত চালুর পরামর্শ দিনে রাষ্ট্রপতি। পাশাপাশি, বিশ্বমানের অ্যাথলেট গড়ে তুলতে সরকারের পাশাপাশি ব্যাংক, বীমা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে ক্রীড়ার দীর্ঘমেয়াদী পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান।
জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার মশাল প্রজ্বলন করেন সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ মোস্তাক ও সুমিতা রানী। এরপর খেলোয়াড় ও বিচারকদের পক্ষ থেকে প্রতিযোগিতায় সুষ্ঠুভাবে অংশগ্রহণের শপথ বাক্য পাঠ করানো হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অ্যাথলেট ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পর্দা ওঠে এই প্রতিযোগিতার।
