Published on
:
1 min read
দৈনন্দিন জীবনে পরিবেশ, পশু-পাখি-সহ নিজেদের ক্ষতি করে চলেছেন। প্রতিনিয়ত অত্যধিক প্লাস্টিকের ব্যবহার ক্ষতি করে চলেছে পরিবেশের। তাই মানুষকে সচেতন করতে ৫৬ তম বছরে বাঁকুড়ার নতুনচটি সর্বজনীন দুর্গোৎসব কমিটির অভিনব ভাবনা। এই পুজোর থিম ‘আর্তনাদ’।
প্যান্ডলের ভিতরে ঢুকলেই দেখা যাবে চারিদিকে নানা আবর্জনার বিষয়বস্তু দিয়ে গড়ে উঠেছে গোটা মণ্ডপ। একদিকে যেমন ছড়িয়ে আছে নোংর-আবর্জনা। আরেক দিকে ফেলে দেওয়া প্লাসিকের বোতল, থার্মোকল ইত্যাদির নীচে চাপা পড়েছে বহু পশু-পাখি। প্যন্ডেলের অন্যতম আকর্ষণে রয়েছে বরফে ঢাকা পাহাড়। তাই কী ভাবে পরিবেশ দূষণ কমানো যায়, কী ভাবে পরিবেশকে রক্ষা করা যায় এবং মানুষকে সচেতন করে তোলা যায় সেই ভাবনা থেকেই এই উদ্যোগ পুজো কমিটির সদস্যদের।
মণ্ডপ সজ্জায় রাখা হয়েছে প্লাস্টিকের বালতি-বোতল, প্লাস্টিকের তার, থার্মোকল, ফলের ক্রেট, গাড়ির টায়ার, প্লাস্টিকের স্ট্র ইত্যাদি। পুজো কমিটির এক জন সদস্য বলেন, ‘নতুনচটি সর্বজনীন দুর্গোৎসব কমিটির এ বছরের ভাবনা আর্তনাদ। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, পশু-পাখি, পরিবেশ নষ্ট হওয়ার পেছনে আসল কারণ প্লাস্টিকের ব্যবহার। সকলকে এই প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। মানুষের ফেলে দেওয়া আবর্জনা থেকে কিভাবে চারিদিকে দূষণ ছড়িয়ে পড়ছে সেটিই তুলে ধরতে চেয়েছি।’
কমিটির আর এক সদস্য বলেন, শুধুমাত্র স্থলভাগের পশু পাখিই নয়, এই আবর্জনার ফলে জলভাগের পশুরাও একই ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পরিবেশ ও মানুষকে আরও সচেতন হতে হবে। এছাড়াও তিনি জানান, এ বছর তাঁদের পুজোয় খরচ হয়েছে প্রায় ২৫ লক্ষ টাকা।
মণ্ডপের এই ভাবনা থেকে সাধারণ মানুষেরও মানসিক বদল হবে বলেই আশা করছেন তাঁরা।
