প্রতিনিধি, ধর্মপাশা · ১৩ অক্টোবর, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফজলুর রহিম কাজলের ‘অস্বাভাবিক’ মৃত্যুর রহস্য উন্মোচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছেন পরিবার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় কাজলের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে কাজলের বড় ভাই ফজলুল করিম বুলবুল বলেন, গত বুধবার সকালে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে ওইদিন রাতেই তার ছেলে মারুফ হাসান রনক ধর্মপাশা থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর শুক্রবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের একটি গাছ থেকে কাজলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বুলবুলের দাবি, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ডালে বসিয়ে রাখা হয়েছিল।
সংবাদ সম্মেলনে কাজলের মা মনোয়ারা বেগম, কাজলের স্ত্রী নাজমা আক্তার, ছেলে মাহমুদুল হাসান রাহুল, মারুফ হাসান রনক, কাজলের মামা নজমুল ইসলাম আহমদ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
উল্লেখ্য, শুক্রবার (৯ অক্টোবর) সকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের নির্জন জায়গায় অবস্থিত একটি গাছের মগডাল থেকে কাজলের মরদেহ উদ্ধার করা হয়।
গুগলে আমাদের খবর পেতে
