চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অর্ধশতাধিক গরু জব্দ করেছে বিজিবি; জব্দ করা গরুগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অর্ধশতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলো জোরারগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জোরারগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব গরু জব্দ করা হয়। গরুগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো জোরারগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম জানান, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
