ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় কাঁঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহর, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. যোবায়ের হোসেন, সমবায় কর্মকর্তা মনিরুল ইসলাম, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. হাসিব ভূট্টো এবং উপজেলা ওলামা দলের সভাপতি কারি নেয়ামত উল্লাহ।
এ ছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় জোরদার করা জরুরি।
সভায় পূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এই বাংলা/এমএস
