কীটপতঙ্গের আক্রমণ, রোগ নিয়ন্ত্রণ, মাটির স্বাস্থ্য পরীক্ষা, সার প্রয়োগ ইত্যাদি বিষয়ে পরামর্শের জন্য চা চাষিদের আর মাথার ঘাম পায়ে ফেলতে হবে না। কীটপতঙ্গের আক্রমণ হয়েছে সন্দেহ হলে চা পাতার ছবি নির্দিষ্ট সাইটে আপলোড করে তথ্য জানতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই-র সাহায্যে এমনই বিশেষ পদ্ধতি তৈরির কাজ শুরু করেছে চা গবেষকরা। এক বছরের মধ্যে সেটা প্রস্তুত হয়ে যাবে।
কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী বলেন, “ক্ষুদ্র চা চাষিদের জন্য এটা অত্যন্ত ভালো উদ্যোগ।”
জানা গিয়েছে, টি রিসার্চ অ্যাসোসিয়েশন (টিআরএ) ‘টোকলাই’ নামে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত একটি টুল তৈরির কাজ শুরু হয়েছে। টোকলাই টি রিসার্চ ইনস্টিটিউট-এর বিজ্ঞানীরা, ‘টি বোর্ড অফ ইন্ডিয়া’ এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে ওই কাজ চলছে। অসমের জোরহাটে অবস্থিত ‘টকলাই রিসার্চ ইনস্টিটিউট’-এর নামানুসারে এর নামকরণ করা হয়েছে। এই টুলের লক্ষ্য চা বাগানের ক্ষুদ্র চা চাষিদের কাছে বৈজ্ঞানিক পরামর্শকে আরও সহজলভ্য করে তোলা। এই প্ল্যাটফর্মটি সাধারণ ইন্টারনেট তথ্যের পরিবর্তে টিআরএ-এর গবেষণা সমৃদ্ধ আর্কাইভথেকে প্রয়োজনীয় তথ্য ও সমাধান প্রদান করবে।
এক শতাব্দীরও বেশি সময় ধরে চা নিয়ে গবেষণালব্ধ তথ্যের উপর ভিত্তি করে তৈরি এই টুলটি চা চাষিদের পোকামাকড়ের আক্রমণ, মাটির স্বাস্থ্যের অবনতি এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে। ইতিমধ্যে দু’হাজারের বেশি বৈজ্ঞানিক প্রকাশনা ডিজিটালাইজ করা হয়েছে। নতুন গবেষণালব্ধ ফলাফল পাওয়া মাত্র সেটা এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে। এখান থেকে চা চাষিরা কীটপতঙ্গ আক্রমণ, মাটির স্বাস্থ্য পরীক্ষা, সার প্রয়োগ, চারা রোপণ, জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, চা প্রক্রিয়াজাতকরণ এবং খাদ্যনিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলি মেনে চলার বিষয়ে পরামর্শ পাবেন। কনফেডারেশন অব ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী বলেন, “ক্ষুদ্র চা চাষিদের জন্য এটা অত্যন্ত ভালো উদ্যোগ।”
