তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
বিশ্বজুড়ে নিরাপত্তা ঝুঁকির ফলে প্রায় ৩ দিন বন্ধ রাখার পর রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে আবার চালু করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
রোববার (২৫ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি আজ সকাল ৮টা থেকে চালু হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার ২২ অক্টোবর দুপুরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটটি বন্ধ করে দেয়। সেসময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ স্বাভাবিকভাবে কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।
মূলত বিশ্বে ইন্টারনেটের বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়। সাইবার নিরাপত্তা গবেষকদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে এক দশকেরও বেশি সময় ধরে অশনাক্ত থাকা এসব দুর্বলতা খুঁজে পাওয়া গেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
