আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন প্রাক্তন ভারতীয় পেসার পারভিন্দর আওয়ানা। শুক্রবার তাঁর নিয়োগের কথা জানায় বিসিসিআই। ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (CAC) সুপারিশেই এই দায়িত্ব পেলেন আওয়ানা। অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপের নেতৃত্বাধীন ক্যাক (CAC) আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার পর আওয়ানাকে চেয়ারম্যান নিযুক্ত করে। কৃষ্ণ দাস, রাকেশ প্যাটেল এবং এন অর্জুন যাদবকে কমিটির সদস্য হিসেবে বেছে নেয়। কমিটির পঞ্চম সদস্যকে শীঘ্রই নিয়োগ করা হবে বলে জানিয়েছে বোর্ড।
বিসিসিআই বিবৃতিতে জানিয়েছে, 'ক্যাক আবেদনকারীদের যাচাই এবং সাক্ষাৎকারের পর পারভিন্দর আওয়ানাকে চেয়ারম্যান এবং কৃষ্ণ দাস, রাকেশ প্যাটেল এবং এন অর্জুন যাদবকে সদস্য হিসেবে নিয়োগের সুপারিশ করেছে।' ভারতের হয়ে দু'টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আওয়ানা। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬২ ম্যাচে তাঁর ঝুলিতে ১৯১ উইকেট। দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার পাশাপাশি ভারত 'এ' এবং রেস্ট অব ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করেছেন তিনি। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়েও খেলেছেন। যে দল বর্তমানে পাঞ্জাব কিংস নামে পরিচিত।
অবসরের পর কোচিংয়ের সঙ্গে যুক্ত হন আওয়ানা। দিল্লির অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে কাজ করেছেন। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল এবং বিসিসিআই ও সেন্টার অব এক্সেলেন্সের হাই পারফরম্যান্স প্রোগ্রামেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। কমিটির অন্য সদস্য কৃষ্ণ দাস অসম এবং গোয়ার প্রাক্তন পেসার। ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ১৬৬ উইকেট রয়েছে। ভারতীয় অনূর্ধ্ব-১৯ এবং 'এ' দলের হয়ে খেলার পর কোচিংয়ে আসেন। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল এবং উত্তরাখণ্ডের রঞ্জি দলের সঙ্গেও কাজ করেছেন তিনি।
রাকেশ প্যাটেল গুজরাট এবং বরোদার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন এবং ভারত 'এ' দলের প্রতিনিধিত্ব করেছেন। দলীপ, দেওধর এবং ইরানি ট্রফিতেও খেলেছেন তিনি। কোচ হিসেবে গুজরাট এবং বরোদার অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২৩ এবং সিনিয়র দলের সঙ্গে কাজ করেছেন। ২০২৫-২৬ মরশুমে বরোদার অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্বে ছিলেন। অর্জুন যাদব ৮৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এবং ভারত 'এ' দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০০০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। পরে হায়দরাবাদের হয়ে খেলার পাশাপাশি রাজ্যের সিনিয়র এবং অনূর্ধ্ব-২৩ দলের কোচিংও করান। ২০২২ সালে বিসিসিআই ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব নেন। নতুন কমিটির প্রথম বড় দায়িত্ব হতে চলেছে ভারতের জুনিয়র দলগুলির নির্বাচনের কাজ। তবে কমিটির পঞ্চম সদস্যের নিয়োগ এখনও বাকি।
