বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত ‘ম্যাথ জ্যাম্বোরি ২০২৬’-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশ নিয়ে শিক্ষার্থী ও দর্শনার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল।
গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে আলোক হাসপাতালের উদ্যোগে বিনা মূল্যে রক্তচাপ পরীক্ষা, রক্তে গ্লুকোজের মাত্রা নির্ণয়, রক্তের গ্রুপ পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়।
আলোক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শেখ সালাহউদ্দীনের নেতৃত্বে চিকিৎসক, নার্স ও বিপণন বিভাগের কর্মকর্তারা এসব কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তারা হাসপাতালটির রোগনির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসা ও সমন্বিত স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষার্থী ও দর্শনার্থীদের জানান। হাসপাতালের সেবা সম্পর্কে তথ্য দিতে বিতরণ করা হয় প্রচারপত্রও।
অনুষ্ঠানে আয়োজিত অনলাইন কুইজে ৭০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত পাঁচজনকে পুরস্কার দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়া হাসপাতালটি থেকে আগে চিকিৎসাসেবা নেওয়া কয়েকজন দর্শনার্থী তাদের অভিজ্ঞতা ও সন্তুষ্টির কথা জানান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ উদ্যোগের জন্য আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালকে ধন্যবাদ জানায়।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
