বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ডিসি কমিকসের ভয়ংকর ভিলেন ‘ক্লেফেইস’কে নিয়ে নির্মিত সিনেমা। শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের দর্শকদের জন্য সিনেমাটি প্রেক্ষাগৃহে নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স।
জেমস ওয়াটকিন্স পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক ও এডি মারসন।
সিনেমার গল্পের কেন্দ্রীয় চরিত্র ম্যাট হ্যাগেন। উচ্চাকাঙ্ক্ষী এই অভিনেতা গোথাম থেকে হলিউডের জনপ্রিয় তারকা হয়ে ওঠেন। কিন্তু অপরাধী চক্রের হামলায় মুখমণ্ডল বিকৃত হয়ে গেলে ভেঙে পড়ে তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন। হারানো সৌন্দর্য ফিরে পেতে বৈজ্ঞানিক চিকিৎসার আশ্রয় নেন তিনি। তবে চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় ধীরে ধীরে ভয়ংকর রূপান্তরের মধ্য দিয়ে যেতে হয় তাকে। একসময় প্রতিশোধের নেশা গ্রাস করে তার মন ও শরীর।
প্রচলিত সুপারহিরো অ্যাকশনের বাইরে গিয়ে সিনেমাটিতে গুরুত্ব দেয়া হয়েছে মনস্তাত্ত্বিক আতঙ্ক ও ‘বডি হরর’কে। শরীরের অস্বাভাবিক পরিবর্তন, পরিচয় সংকট এবং বৈজ্ঞানিক গবেষণার অন্ধকার দিক উঠে এসেছে এতে।
ট্রেলার প্রকাশ ও লস অ্যাঞ্জেলেসে বিশ্ব প্রিমিয়ারের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
