
সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা, চলাফেরাও ছিল একসঙ্গে। সেই দুই বন্ধুর জীবন থেমে গেল একই সড়ক দুর্ঘটনায়।
নরসিংদীর রায়পুরায় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিরব মিয়া (১৭) ও জীবন মিয়া (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকায় নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরব মিয়া রাধানগর ইউনিয়নের সাহারচর গ্রামের মধ্যপাড়া এলাকার সেলিম মিয়ার ছেলে। একই এলাকার জায়েদুল মিয়ার ছেলে জীবন মিয়া। তাদের বাড়ি পাশাপাশি। ছোটবেলা থেকেই তারা ঘনিষ্ঠ বন্ধু ছিল। দুই কিশোরের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনেরা জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেলে করে নরসিংদী শহরে ঘুরতে গিয়েছিল নিরব ও জীবন। রাতে বাড়ি ফেরার পথে হাসনাবাদ এলাকায় চলন্ত একটি নছিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকায় নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়। পরে স্বজনেরা দুজনের মরদেহ নিয়ে বাড়ি ফিরে আসেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদা গুলশানারা কবির বলেন, শুক্রবার রাতে গুরুতর আহত অবস্থায় ওই দুই কিশোরকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুজনের অবস্থাই আশঙ্কাজনক ছিল।
নিরবের মামা সুমন পারভেজ বলেন, নিরব ও জীবন ছোটবেলা থেকেই বন্ধু ছিল। তারা সব সময় একসঙ্গে থাকত। মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যুও একসঙ্গেই হলো।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নছিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোরের মৃত্যুর খবর তিনি বিভিন্ন মাধ্যমে জেনেছেন।
পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে জানাজা শেষে নিরব ও জীবনের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
