কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহারিক প্রয়োগ শিখতে আগ্রহী পেশাদারদের জন্য বিশেষ সার্টিফিকেট কোর্স চালু করল আইআইটি হায়দরাবাদ। প্রতিষ্ঠানের তরফে ‘অ্যাপ্লায়েড এআই প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রাম’-এ ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এআই-ভিত্তিক আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থা তৈরি করার ব্যবহারিক দক্ষতা বাড়ানোই এই কোর্সের মূল লক্ষ্য। মূলত সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার, ফুল-স্ট্যাক ডেভেলপার, ডেটা সায়েন্টিস্ট এবং এআই ইঞ্জিনিয়ারদের কথা মাথায় রেখে এই প্রশিক্ষণ কর্মসূচি সাজানো হয়েছে বলে জানানো হয়েছে।
কী পড়ানো হবে?
এই কোর্সে এআই-এর বাস্তব প্রয়োগ এবং এআই-চালিত ব্যবস্থা তৈরির ব্যবহারিক দিকগুলির উপর গুরুত্ব দেওয়া হবে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে জেনারেটিভ এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহারের প্রবণতা বাড়ছে। সেই প্রযুক্তি কাজে লাগিয়ে আধুনিক সফ্টওয়্যার ও বিভিন্ন ডিজিটাল ব্যবস্থা তৈরির দক্ষতা অর্জন করতে পারবেন প্রার্থীরা।
কারা আবেদন করতে পারবেন?
এই কোর্সে আবেদনের জন্য প্রার্থীদের পাইথন, আরইএসটি এপিআই, জেনারেটিভ এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। তবে ল্যাংচেইন বা ল্যাংগ্রাফের মতো প্রযুক্তি ব্যবহারের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
কবে হবে ক্লাস?
আইআইটি হায়দরাবাদের এই সার্টিফিকেট কোর্সটি হাইব্রিড পদ্ধতিতে পরিচালিত হবে। কর্মরত পেশাদারদের সুবিধার কথা মাথায় রেখে সপ্তাহান্তে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর, ২০২৬ পর্যন্ত মোট চারটি সপ্তাহান্তে প্রশিক্ষণ চলবে। অর্থাৎ, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশিক্ষণ শেষ করার সুযোগ পাবেন প্রার্থীরা।
কী ভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা আইআইটি হায়দরাবাদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শর্ত, কোর্সের ফি, আবেদনের শেষ দিন এবং অন্যান্য নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই।
