প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:৫১ এএম
গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের উদ্যোগে মজুরি বোর্ড পুনর্গঠন ও মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে অস্থিতিশীল অবস্থা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের মোঃ আকরাম খাঁ মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক শামীম মির্জা আল শামীম লিখিত বক্তব্য উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার শ্রম আইনে সংশোধন এনে ৫ বছর পরের পরিবর্তে ৩ বছর পর মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এতে শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এলেও একটি মহল ডিসেম্বর ২০২৬-এ মজুরি বোর্ড গঠনের সময়সীমাকে সামনে রেখে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হয়।
এতে আরও বলা হয়, সম্প্রতি ১২ অক্টোবর ঢাকার উত্তরা এলাকায় শ্রমিকের নামে বহিরাগতরা লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধ, কারখানার শ্রমিকদের বের করে আনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি ৬ মাস, শিক্ষা, চিকিৎসা, নিরাপদ কর্মসংস্থান, শিল্পাঞ্চলে শ্রমিক কলোনী ও হাসপাতাল স্থাপনের দাবিও পুনর্ব্যক্ত করা হয়। এসময় সংগঠনটির কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।