রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (১৬ অক্টোবর) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৩৮ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, মিরপুর বিভাগ ১৯৭ জন, গুলশান বিভাগ ৪০ জন, উত্তরা বিভাগ ৩০ জন ও গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেপ্তার করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি বিস্ফোরিত ককটেলের অংশ, ৮০০ গ্রাম গাঁজা, ৬২ হাজার ৭০০ পিস ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন, ১টি চাপাতি, ১টি কাটার, ১৩২টি মোবাইল, ১টি ট্রাক, ১টি সিএনজি এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
