Published on
:
2 min read
আন্তর্জাতিক ক্রীড়ার মেগা মঞ্চে ভারতের জয়জয়কার অব্যাহত। জাপানের আইচি-নাগোয়ায় সদ্য শুরু হওয়া পঞ্চম এশিয়ান প্যারা গেমস ২০২৬-এর প্রতিযোগিতার প্রথম দিনেই জোড়া পদক এল ভারতের ঝুলিতে। আর দুটোই এল মহিলা শুটারদের হাত ধরে। সোমবার সকালে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা ও রুপো—দুই পদকই জিতলেন যথাক্রমে মোনা আগরওয়াল ও অবনী লেখারা। একই ইভেন্টে দুই ভারতীয় তারকার পোডিয়াম দখল প্রমাণ করল এ বার দেশের অ্যাথলিটরা কতটা দাপট দেখাবেন।
চিনা প্রতিপক্ষের রেকর্ড ভেঙে নজির মোনার
এ দিন সকালের কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই ছিল মোনা আগরওয়ালের একক আধিপত্য। ষষ্ঠ সিরিজ়ের শেষে ৬২৯.১ পয়েন্ট সংগ্রহ করে চিনের ঝাং কুইপিংয়ের পূর্ববর্তী এশিয়ান প্যারা গেমসের কোয়ালিফিকেশন রেকর্ড ভেঙে নতুন নজির গড়েন মোনা। একই সঙ্গে যৌথ বিশ্ব রেকর্ডের (৬২৯.৪) মাত্র ০.৩ পয়েন্টের দূরে এসে থামেন তিনি। অন্যদিকে টোকিও ও প্যারিস প্যারালিম্পিক্সে ইতিহাস গড়া অবনী লেখারা ৬২৬.৪ স্কোর তুলে দ্বিতীয় স্থান নিশ্চিত করে ফাইনালে পা রাখেন।
মূল ফাইনালের মঞ্চে দুই ভারতীয় সতীর্থের মধ্যে শুরু হয় লড়াই। প্রতিটি শটে লিডারবোর্ডে ওঠানামা চলছিল চরম উত্তেজনায় ভরা। সপ্তম সিরিজ় শেষে মোনা আগরওয়াল ২৫০ পয়েন্টের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। এই অবিশ্বাস্য স্কোরের মাধ্যমে ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে অবনী লেখারার গড়া ২৪৯.৬ পয়েন্টের গেমস রেকর্ড ভেঙে সোনার পদক জেতেন মোনা।
অন্যদিকে বিশ্বসেরা অবনী লেখারাও ছেড়ে কথা বলেননি। তিনিও নিজের সেরা ফর্ম ধরে রেখে ২৪৯.৬ স্কোর করেন, যা তাঁকে রুপোর পদক এনে দেয়।
অবনী লেখারাছবি: X
হতাশ করল পুরুষদের বিভাগ
মহিলাদের বিভাগে জয় এলেও পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং SH1 ফাইনালে ভারতকে হতাশার মুখোমুখি হতে হয়। পদক জয়ের একেবারে দোরগোড়ায় এসে থেমে যান ভারতীয় শুটার মহাবীর স্বরূপ উনহালকর। পঞ্চম সিরিজ় পর্যন্ত দুর্দান্ত লড়াই চালিয়েও ২০৫.৯ স্কোরে চতুর্থ স্থানে থেকে ছিটকে যান তিনি, ফলে হাতছাড়া হয় ব্রোঞ্জ পদক। এই ইভেন্টে প্রথমবার অংশ নেওয়া তরুণ শুটার রাকেশ নিডাগুন্ডি ১৪১.৫ স্কোর করে সপ্তম স্থান অর্জন করেন। এর আগে সকালে কোয়ালিফিকেশন রাউন্ডে নিডাগুন্ডি ৬১৯.৩ পয়েন্ট তুলে সপ্তম এবং উনহালকর ৬১৭.৪ পয়েন্ট তুলে অষ্টম হয়ে ফাইনালে উঠেছিলেন। তবে অপর ভারতীয় শুটার আনন্দ কৃষ্ণন ৬০৫.২ স্কোর করে ১৩ নম্বরে শেষ করায় মূল লড়াইয়ে জায়গা পাননি।
