রাজধানী রিয়াদসহ বিভিন্ন অঞ্চলকে টার্গেট করে ছোড়া হুথি বিদ্রোহীদের চারটি ড্রোন ভূপাতিত করার তথ্য দিয়েছে সৌদি আরব।
আজ শনিবার (১৭ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, ড্রোনগুলো মাঝ আকাশেই ভূপাতিত করা হয়েছে।
ইয়েমেনে ২০১৪ সালে গৃহযুদ্ধ শুরুর পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে অবস্থান নেয় সৌদি আরব। এরপর তারা একটি সামরিক জোট গঠন করে হুথিদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে। ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এই অভিযান চললেও হুথিদের হটাতে ব্যর্থ হয় জোটটি।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরব ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু চলতি বছরের জুলাইয়ে এটি ভেস্তে যায়। এরপর হুথিরা সৌদির তেল স্থাপনা ও বিমানবন্দরসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো শুরু করে।
আরও পড়ুন
আজ নতুন করে চারটি ড্রোন ভূপাতিত করার ব্যাপারে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এক্সে লিখেছেন, “গত কয়েক ঘণ্টায় আমরা রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং দক্ষিণাঞ্চলে চারটি ড্রোন ভূপাতিত করেছি।”
সৌদি আরব হুথিদের এই হামলা বৃদ্ধির জন্য ইরানকে দায়ী করে থাকে। তবে ইরান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
কিন্তু মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল আজ এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবে হামলা চালাতে হুথিদের সবদিক দিয়ে সহায়তা করছে ইরান। এমনকি কোন স্থাপনায় হামলা চালানো হবে সেটি নির্ধারণেও সহায়তা করছে তেহরান। এছাড়া হুথিদের কাছে ইরানের মাছ ধরার নৌকা ও সাবমেরিনের মাধ্যমে অস্ত্র পাঠানো, বেসামরিক বিমানে করে অস্ত্র পাঠানোসহ নানান তথ্য সামনে এনেছে সংবাদমাধ্যমটি।
সূত্র : এএফপি
এমটিআই
