Published : 15 Oct 2026, 10:53 PM
Updated : 15 Oct 2026, 10:53 PM
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ৬ লাখ ১০ হাজার টাকার সমপরিমাণ জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের রামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন- ফুলবাড়িয়ার গোলাম মোস্তফা (৪৬) ও আবু সাইদ (২৫) এবং বরগুনার তালতলী উপজেলার মোস্তফা ফকির (৪৮) ও ইসমাইল বিশ্বাস (৪৯)।
পুলিশ জানায়, রামপুর গ্রামে জাল টাকা বেচাকেনার সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আসামিদের তল্লাশি করে ১ হাজার টাকা মূল্যের ৬১০টি জাল নোট জব্দ করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার করা জাল নোটের উৎস এবং এর সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
