ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে গত মাসের সন্দেহজনক নাশকতার ঘটনার তদন্তে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে দুজনকে পুনরায় গ্রেফতার করেছে যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশ। এ ঘটনায় ইরানি রাষ্ট্রের সংশ্লিষ্টতার সম্ভাবনা অত্যন্ত বেশি বলে মনে করছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ। একই ঘটনায় অন্য পাঁচজন বর্তমানে জামিনে আছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার দুজনের একজন ২৪ বছর বয়সি ব্রিটিশ নাগরিক। অন্যজন ২৫ বছর বয়সি দ্বৈত ব্রিটিশ-ইরানি নাগরিক। বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার সন্দেহে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা লরেন্স টেলর এক বিবৃতিতে জানান, এ ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। চলমান তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার তাদের মধ্যে দুজনকে পুনরায় গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তদন্ত এখনো চলছে এবং পুলিশ তথ্য-প্রমাণ সংগ্রহ করছে। তবে তাদের অবস্থান আগের মতোই আছে। এ ঘটনায় ইরানি রাষ্ট্রের সংশ্লিষ্টতার সম্ভাবনাকে তারা অত্যন্ত বেশি বলে মনে করছেন।
ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিটি দীর্ঘদিন ধরে মার্কিন বিমানবাহিনী ব্যবহার করে আসছে। গত সেপ্টেম্বরের শেষ দিকে ঘাঁটির কাছে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি এবং বিস্ফোরকসংক্রান্ত অপরাধের সন্দেহে প্রথম পাঁচজনকে গ্রেফতার করে ব্রিটিশ কর্তৃপক্ষ। ওই সময় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল ও পুলিশ এলাকায় অভিযান চালায়। ঘাঁটির আশপাশের বেসামরিক বাসিন্দাদেরও বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়।
চলতি মাসের শুরুতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ফেয়ারফোর্ড ঘাঁটিকে লক্ষ্য করে কথিত হামলার পরিকল্পনাটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের নির্দেশে পরিচালিত হয়ে থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি। ইরান এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গ্রেফতারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে কাজ করেছে। তার দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি করার পরিকল্পনা করছিলেন।
একাধিক সূত্রের বরাতে সিএনএন জানায়, গ্রেফতারের কয়েক সপ্তাহ আগেই মার্কিন গোয়েন্দারা ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে ইরানি গোষ্ঠীগুলোর পরিকল্পনা সম্পর্কে তথ্য পেয়েছিলেন।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, ঘাঁটির আশপাশের বাসিন্দাদের তথ্যও তদন্তে ভূমিকা রেখে থাকতে পারে। পরিচয় প্রকাশ না করার শর্তে স্থানীয় এক নারী সিএনএনকে জানান, তিনি নিজের বাড়ির প্রবেশপথে তিনটি ভ্যান এবং মুখোশ পরা আট থেকে ১০ জনকে দেখতে পান। তারা তার বাড়িতে ঢোকার পথ আটকে রেখেছিলেন। এরপর তিনি পুলিশকে ফোন করেন।
স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং ওই নারীকে জরুরি নম্বরে ফোন করার জন্য ধন্যবাদ জানান। তবে তিনি বলেন, ওই নারী ঘটনার আংশিক চিত্র দেখেছিলেন। এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ঘটনাকে ঘিরে উদ্বেগের মধ্যে গত ৪ অক্টোবর ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সব দূরপাল্লার বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়। বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র সিএনএনকে জানিয়েছেন, অজ্ঞাত একটি হুমকির পর এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।
ট্রাম্প বলেছিলেন, বিমানগুলো কোনো কারণ ছাড়াই ঘাঁটি ছেড়ে যায়নি। হুমকি থাকায় শত্রুকে সুযোগ না দিয়ে মার্কিন সামরিক সরঞ্জাম অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানগুলো সরানো হয়েছে। তবে নির্দিষ্ট হুমকির বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
মঙ্গলবার পর্যন্ত ফেয়ারফোর্ড ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কোনো বোমারু বিমান ফিরে আসেনি।
বিআলো/শিলি